ব্রেকিং নিউজ
‘জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে হট্টগোলের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ছবি: ভিডিও থেকে নেওয়া

‘জুলাই যোদ্ধাদের’ মারধর করে অনুষ্ঠান থেকে বের করে দিলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক, শরীয়তপুর
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৪:৩৭ পিএম

শরীয়তপুরে ‘জুলাই অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দুই ‘জুলাই যোদ্ধা’ ও এক ছাত্রনেতাকে লাঞ্ছিত করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে অনুষ্ঠানস্থলে উত্তেজনা সৃষ্টি হয় এবং ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আহতদের সংবর্ধনা দেওয়া হচ্ছিল।

অভিযোগ অনুযায়ী, অনুষ্ঠানে উপস্থিত ‘জুলাই যোদ্ধা’ জাকির হোসেন মিন্টু (আদর) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক ইমরান আল নাজিরকে স্থানীয় বিএনপির কয়েকজন নেতাকর্মী ঘিরে ধরেন। একপর্যায়ে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয় এবং পরে ধাক্কাধাক্কি ও মারধরের মাধ্যমে অডিটোরিয়াম থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তারা।

জাকির হোসেন মিন্টুর দাবি, জেলা প্রশাসনের আমন্ত্রণে অনুষ্ঠানে অংশ নিতে গেলেও প্রবেশের পর তাদের পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হয়। এরপর তাদের গালিগালাজ করা হয় এবং শরীয়তপুরে কোনো ‘জুলাই যোদ্ধা’ নেই বলে দাবি করে মারধর করে বের করে দেওয়া হয়। একই ধরনের অভিযোগ করেন ইমরান আল নাজির। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকলেও হামলা ঠেকাতে কার্যকর কোনো পদক্ষেপ নেননি।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মোর্শেদ টিপু মাদবর। তার দাবি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে দেওয়া হয় বলে তিনি দাবি করেন।

ঘটনার পর বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়েও চলছে নানা প্রতিক্রিয়া। এ ঘটনার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিক তদন্ত বা পরবর্তী ব্যবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো ঘোষণা পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *