প্রতিনিধি: সাইদুর রহমান, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সংবাদ সংগ্রহের কাজে যাওয়ার পথে সাংবাদিকদের গাড়ি আটকে ইজারার নামে টাকা দাবি, অসদাচরণ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে আসাদুজ্জামান বিপ্লব নামে এক যুবদল নেতার বিরুদ্ধে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে নবীনগর-রাধিকা সড়কের আলীয়াবাদ মোড়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত বিপ্লব নবীনগর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক বলে জানা গেছে।
ভুক্তভোগী সাংবাদিকদের ভাষ্য অনুযায়ী, একটি মাইক্রোবাসে করে উপজেলার ধরাভাঙ্গা গ্রামে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে যাওয়ার সময় আলীয়াবাদ মোড়ে তাঁদের গাড়ি থামিয়ে ইজারার টাকা দাবি করা হয়। গাড়িটি ইজারামুক্ত বলে জানানো হলে সেখানে উপস্থিত হন যুবদল নেতা বিপ্লব। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন এবং মারমুখী আচরণের মাধ্যমে টাকা আদায়ের চেষ্টা করেন বলে অভিযোগ করেন তাঁরা।
অভিযোগে আরও বলা হয়, এ সময় বিপ্লব নিজেকে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নানের ভাতিজা পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন।
তবে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান এ পরিচয় নাকচ করে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমার কোনো ভাতিজা নেই।” পাশাপাশি সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষকে দ্রুত ইজারা বাতিলের ব্যবস্থা নিতে বলা হয়েছে বলেও তিনি জানান।
এ বিষয়ে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রাকিবুল ইসলাম ঘটনার নিন্দা জানান। তিনি বলেন, সাংবাদিকদের গাড়ি থেকে ইজারার টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। এ অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তাঁরা দুঃখিত এবং সংশ্লিষ্ট ইজারা বাতিলের আইনি উদ্যোগ নেওয়া হচ্ছে।
অন্যদিকে, ইজারাদার জাবেদুল ইসলামও ঘটনার সত্যতা স্বীকার করেছেন বলে জানা গেছে। সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের জন্য অভিযুক্ত বিপ্লবকে ভর্ৎসনা করা হয়েছে বলেও তিনি জানান।
সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পথে এ ধরনের বাধা ও অসদাচরণের অভিযোগ উদ্বেগ সৃষ্টি করেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং সংবাদকর্মীদের নিরাপদে দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ