ব্রেকিং নিউজ
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান।

আমাদের ক্যাপ্টেন শেখ হাসিনা যা বলবে আমরা তাই অনুসরণ করবো: সাকিব

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১২:২৭ পিএম

সরকার নিরাপত্তার নিশ্চয়তা দিলে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘ক্যাপ্টেন’ উল্লেখ করে তার সিদ্ধান্ত ও নির্দেশনা অনুসরণ করার কথা জানিয়েছেন তিনি।

রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বলেন, সরকার যদি তার নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে স্পষ্ট নিশ্চয়তা দেয়, তাহলে তিনি দেশে ফিরতে চান। দেশে ফিরে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হতেও প্রস্তুত বলে জানান তিনি।

শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে সাকিব বলেন, ‘ক্যাপ্টেন’ যা বলবেন, তারা সেটিই অনুসরণ করবেন। তিনি মনে করেন, শেখ হাসিনা ও সংশ্লিষ্টরা যে সিদ্ধান্ত নেবেন, সেটিই তারা মেনে চলবেন। শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করলে তিনিও তার সঙ্গে ফেরার চেষ্টা করবেন বলে জানান সাকিব।

সাকিব বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে তিনি বাংলাদেশে ফিরতে পারেননি। তার বিরুদ্ধে বর্তমানে দুটি মামলা সক্রিয় থাকার কথা জানিয়েছেন তিনি। এর মধ্যে একটি গণঅভ্যুত্থানের সময় এক বিক্ষোভকারীকে হত্যার অভিযোগসংক্রান্ত এবং অন্যটি দুর্নীতি সংক্রান্ত মামলা। সাকিব অবশ্য নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন।

সাক্ষাৎকারে সাকিব আরও বলেন, তিনি দেশের মাটিতে নিজের শেষ আন্তর্জাতিক সিরিজ খেলতে চান। পাশাপাশি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছার কথাও জানান। তার মতে, বয়স ও সময়ের কারণে ক্যারিয়ার নিয়ে খুব বেশি অপেক্ষা করার সুযোগ নেই।

এর আগে ২০২৪ সালের শেষ দিকে নিরাপত্তার আশ্বাস পেয়ে দেশে ফেরার চেষ্টা করেছিলেন বলেও জানান সাকিব। তার দাবি, ফ্লাইটে ওঠার পর পরিস্থিতির পরিবর্তনের কারণে তাকে ফিরে যেতে বলা হয়। পরে তিনি দুবাই থেকে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান।

এদিকে সাকিবের দেশে ফেরার বক্তব্যের পর সরকারের পক্ষ থেকেও প্রতিক্রিয়া এসেছে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ.এ.এম. সালেহ বলেন, সাকিবকে বাংলাদেশের আইন অনুযায়ী আদালতের মুখোমুখি হতে হবে এবং পরিচয় বা মর্যাদার ভিত্তিতে আইনি প্রক্রিয়ায় কোনো বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *