ব্রেকিং নিউজ
সংগৃহীত ছবি

ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পি’টি’য়ে হাসপাতালে পাঠাল নি’ষি’দ্ধ ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০২:০৫ পিএম

সাতক্ষীরায় একটি কল রেকর্ডকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের সহসভাপতি মনজুরুল আলম বাপ্পীসহ ১০ নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীদের বিরুদ্ধে। হামলায় আহতদের সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পীর অভিযোগ, ঘোনা এলাকার ছাত্রলীগ নেতা মো. নাজমুল হাসানের একটি কল রেকর্ড তাদের হাতে আসে। ওই কল রেকর্ডে ছাত্রদলের এক নেতা ও বিএনপিকে নিয়ে অশালীন মন্তব্য করা হয়েছে বলে দাবি করেন তিনি।

বাপ্পীর ভাষ্য অনুযায়ী, বিষয়টি জানতে ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেন নাজমুলের কাছে গেলে তাকে আটকে রাখা হয়। পরে জাহিদ হোসেনকে আটকে রাখার খবর পেয়ে বাপ্পীসহ কয়েকজন ছাত্রদল নেতা-কর্মী ঘটনাস্থলে যান। সেখানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

হামলাকারীরা বাঁশের লাঠি ও লোহার রড ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন বাপ্পী। তার দাবি, হামলায় তিনি ছাড়াও আরও নয়জন আহত হয়েছেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

আহত ছাত্রদল নেতা আব্দুস সালাম বলেন, ঘোনা ইউনিয়নের একটি বৈঠক থেকে বের হওয়ার পর ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে মনজুরুল আলম বাপ্পীসহ ১০ জন আহত হন বলে দাবি করেন তিনি।

স্থানীয় কয়েকজন বাসিন্দার ভাষ্য, একটি কল রেকর্ডকে কেন্দ্র করে ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেনকে আটকে রাখার খবর ছড়িয়ে পড়লে জেলা ছাত্রদলের সহসভাপতি মনজুরুল আলম বাপ্পীসহ ১০ থেকে ১৫ জন নেতাকর্মী সেখানে যান। পরে ঘোনা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. নাজমুল হাসান ও তার বাবা লাল্টু মেম্বারের নেতৃত্বে তাদের ওপর হামলা হয় বলে তারা জানান।

ঘটনার নিন্দা জানিয়ে জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দুদায়েভ মাসুদ অর্ঘও হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

জেলা বিএনপির সদস্যসচিব জাহিদ হাসান ডাবলু অভিযোগ করেন, আওয়ামী লীগের কিছু নেতার নেতৃত্বে ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পীর ওপর হামলা চালানো হয়েছে। তিনি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

এদিকে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঘটনার বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ তৎপর রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *