নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, কেয়ামত হয়ে গেলেও পাঁচ বছর আগে নির্বাচন সম্ভব নয়। জনগণ সরকারকে পাঁচ বছরের জন্য ম্যান্ডেট দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (২২ আগস্ট) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নুর বলেন, বিরোধী দলসহ সবাইকে সরকারের সহযোগিতা করা উচিত। আন্দোলন-সংগ্রাম আরও চার বছর পর করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এখন নির্বাচন কোনোভাবেই পাঁচ বছর আগে সম্ভব নয়। এমনকি কেয়ামত হয়ে গেলেও তা সম্ভব নয়।
তিনি বলেন, জনগণ সরকারকে পাঁচ বছরের জন্য ম্যান্ডেট দিয়েছে। রাজনৈতিক দলগুলো যদি সরকারকে চাপের মধ্যে রাখতে চায়, তাহলে সেটি চার বছর পর করা যেতে পারে। এখন নীতিগত বিষয়গুলো নিয়ে সংসদে বিতর্ক করার আহ্বান জানান তিনি।
দেশে জাতীয় ঐক্যের গুরুত্ব তুলে ধরে নুর বলেন, দেশের মধ্যে অভ্যন্তরীণভাবে যত বেশি জাতীয় ঐক্য থাকবে, সরকার তত শক্তিশালীভাবে দেশকে এগিয়ে নিতে পারবে।
বিরোধী দলের সমালোচনা করে তিনি বলেন, বিরোধী দলের কেউ কেউ রাষ্ট্রপতিকে স্বাগত জানাচ্ছে, আবার বাইরে এসে তার সমালোচনা করছে। তাদের রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন নুর।
নুর আরও দাবি করেন, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে থাকা কিছু ব্যক্তির প্রকৃত রাজনৈতিক পরিচয় পরে ভিন্নভাবে প্রকাশ পেয়েছে এবং তাদের মধ্যে জামায়াত-শিবিরের সংশ্লিষ্টতা ছিল।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ