নিজস্ব প্রতিবেদক | কুমিল্লা | ৪ আগস্ট ২০২৬
কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী বলেছেন, “জুলাই গণঅভ্যুত্থানকে আমরা ততোটাই বিশ্বাস করি, যতটা বিশ্বাস করি কালিমা তাইয়্যেবাকে।” তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এর চেতনাকে ধারণ করেই নতুন বাংলাদেশ গড়তে হবে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে কুমিল্লা নগরীর কবি নজরুল ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মারক উৎসব’-এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মনিরুল হক চৌধুরী বলেন, “১৯৭১ সালে যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি, এখন তাদের কাছ থেকেই যুদ্ধের দীক্ষা নিতে হচ্ছে। এটাই সবচেয়ে বড় দুঃখ।” তিনি দেশ গঠনের স্বার্থে সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেন, দেশের ভবিষ্যৎ নিয়ে হতাশ না হয়ে নেতৃত্বের প্রতি আস্থা রাখতে হবে।
তিনি আরও বলেন, দেশের প্রশ্নে এবং স্বাধীনতার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তাঁর ভাষায়, ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণকে প্রাধান্য দেওয়াই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।
কুমিল্লার উন্নয়নের প্রসঙ্গ টেনে এমপি মনিরুল বলেন, “দেশ বাঁচানোর পাশাপাশি আসুন, সবাই কুমিল্লাকে বাঁচাই। কুমিল্লা পচে গেছে। পরিবর্তনের যাত্রা শুরু করেছি।” তিনি আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টায় কুমিল্লাকে একটি আধুনিক ও উন্নত জেলায় পরিণত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিশেষ আলোচকের বক্তব্যে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণের আহ্বান জানান।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ