নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ৫ আগস্ট ২০২৬
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, “একাত্তরের মুক্তিযুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দেওয়া দল কেন জনরোষের মুখে ক্ষমতাচ্যুত হলো, তার উত্তর আওয়ামী লীগকেই খুঁজতে হবে।” বুধবার (৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আসিফ নজরুল লেখেন, ১৬ ডিসেম্বরের পর ৫ আগস্ট বাংলাদেশের জন্য আরেকটি বিজয়ের দিন। তাঁর ভাষায়, জুলাইয়ের আন্দোলন শুরুতে শেখ হাসিনার পতনের আন্দোলন ছিল না। তবে ১৬ জুলাইয়ের পর নিরস্ত্র মানুষের ওপর নির্বিচার হত্যাকাণ্ড পরিস্থিতিকে এমন পর্যায়ে নিয়ে যায়, যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন অনিবার্য হয়ে ওঠে।
আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, নানা বিতর্ক থাকলেও দলটি মুক্তিযুদ্ধ সংগঠিত করেছে এবং সেই যুদ্ধে রাজনৈতিক নেতৃত্ব দিয়েছে—এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে স্বাধীন বাংলাদেশে জনরোষের মুখে দলটিকে অন্তত দুইবার ক্ষমতাচ্যুত হতে হয়েছে। কেন এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সেই প্রশ্নের উত্তর আওয়ামী লীগেরই খুঁজে বের করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
আসিফ নজরুলের দাবি, আওয়ামী লীগের রাজনৈতিক সংস্কৃতিতে আত্মসমালোচনা ও অনুশোচনার জায়গা নেই। তাঁর মতে, এই মানসিকতাই দলটিকে দীর্ঘদিন ক্ষমতার অপব্যবহার ও দমন-পীড়নের দিকে ঠেলে দিয়েছে। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলেরও ভুল ও সীমাবদ্ধতা রয়েছে, তবে আওয়ামী লীগের মতো ক্ষমতার মালিকানাবোধ ও সীমাহীন অনাচারের আত্মবিশ্বাস অন্য কোনো দলের মধ্যে তিনি দেখেননি।
ফেসবুক পোস্টে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের বিষয়েও মন্তব্য করেন আসিফ নজরুল। তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা এতে আনন্দিত হতে পারেন, তবে জুলাইয়ের সহিংসতায় নিহত ও আহতদের বিচার নিশ্চিত না হলে প্রয়োজনে তিনি আবারও রাজপথে নামবেন। পোস্টের শেষাংশে তিনি লেখেন, “জুলাই আমাদের পুনর্জন্মের নাম। নিজেদের মধ্যে ঝগড়া হবে, বিরোধ হবে। কিন্তু শেখ হাসিনার প্রশ্নে আমরা জুলাই হয়েই বাঁচব চিরদিন।”
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ