নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৪:৪৮ পিএম
বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়ার ঘোষণার পর মন্ত্রণালয়গুলোতেও জরুরি পরিবর্তন করা হচ্ছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সালাহউদ্দিন আহমদকে সরিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে। আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিকে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মন্ত্রীদের রদবদলের এ সংক্রান্ত প্রজ্ঞাপন সন্ধ্যায় জারি হতে পারে।
সালাহউদ্দিন আহমদ ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তিনি কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য।
অন্যদিকে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য। তিনি বর্তমানে পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী হিসেবে মনোনীত হওয়ার পর নিজের সংসদীয় ও প্রশাসনিক পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার ছেড়ে দেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দ্রুত নতুন দায়িত্বশীল নেতৃত্ব নিশ্চিত করতেই এ পরিবর্তন আনা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ