ব্রেকিং নিউজ
সাবেক প্রতিমন্ত্রী পলক

আমি আল্লাহর ওপর ভরসা করি, কোনো চালাকির কাছে নয়: পলক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের উদ্দেশ্যে বলেছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ‘আমি আল্লাহর ওপর ভরসা করি। কোনো চালাকির কাছে নয়।’

সোমবার (১৭ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি এ কথা বলেন।

এদিন মামলায় একজন শিক্ষার্থী সাক্ষী হিসেবে জবানবন্দি দেন। নিরাপত্তার স্বার্থে তার নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। জবানবন্দিতে তিনি ২০২৪ সালের ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আন্দোলনে অংশ নেওয়ার বিভিন্ন ঘটনা তুলে ধরেন।

সাক্ষী জানান, ৫ আগস্ট দুপুর ২টার পর শেখ হাসিনার পতনের খবর পান তারা। এরপর বন্ধুদের সঙ্গে রাজধানীর উত্তরায় বিজয় মিছিলে অংশ নেন। ওই দিন তার চোখের সামনে কয়েকজনকে গুলিবিদ্ধ হতে দেখেন বলেও জানান তিনি।

সাক্ষ্যগ্রহণ শেষে প্রসিকিউশন জবানবন্দিতে একটি সংশোধন চাইলে এতে আপত্তি জানান জুনাইদ আহমেদ পলক।

আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে ট্রাইব্যুনালের উদ্দেশ্যে পলক বলেন, ‘মাননীয় আদালত, এ মুহূর্তে কোনো সংশোধনী না নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। খুব সুন্দরভাবে সাক্ষ্য সম্পন্ন করেছে প্রসিকিউশন। মাননীয় আদালতও মূল্যবান সময় দিয়েছেন। অতএব আমার অনুরোধ সাক্ষ্যগ্রহণ শেষে আর কোনো সংশোধনী যেন না নেওয়া হয়।’

এরপর তিনি বলেন, ‘আমি শুধু ন্যায়বিচার প্রার্থনা করছি। আমি আল্লাহর ওপর ভরসা করি। কোনো চালাকির কাছে নয়।’

পরে পলকের পক্ষে সাক্ষীকে জেরা শুরু করেন তার আইনজীবী লিটন আহমেদ।

এ মামলায় জুনাইদ আহমেদ পলক ছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে আসামি করা হয়েছে। পলাতক থাকায় জয়ের পক্ষে সরকারি খরচে নিয়োগ পাওয়া আইনজীবী মনজুর আলম আইনি লড়াই করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *