নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬
কুষ্টিয়ায় গণঅধিকার পরিষদের এক কর্মীর পায়ের রগ জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা কেটে দিয়েছেন বলে অভিযোগ করেছে দলটি।
রোববার (১৬ আগস্ট) রাতে কুষ্টিয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন গণঅধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক তৌকির আহমেদ।
তিনি বলেন, শনিবার বিকেলে কুষ্টিয়া শহরের ছয় রাস্তার মোড়ে তাদের পূর্বঘোষিত শান্তিপূর্ণ সমাবেশ চলছিল। সমাবেশের সমাপনী বক্তব্যের শেষ মুহূর্তে সংসদ সদস্য আমির হামজা এবং আশপাশের জামায়াত-শিবিরের কর্মীরা তাদের ওপর অতর্কিত হামলা চালান।
তৌকির আহমেদ অভিযোগ করেন, হামলায় তাদের এক কর্মীর পায়ের দুটি রগ কেটে দেওয়া হয়েছে। আরেক নেতার নাকের হাড় ভেঙে গেছে এবং কপালের হাড় ফেটে গেছে। এ ছাড়া আরও অনেক নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন।
তিনি আরও অভিযোগ করেন, কুষ্টিয়া জেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবদুল খালেকের ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠানেও হামলা চালানো হয়। সেখানে মালামাল, টাকা ও বিভিন্ন ইলেকট্রনিক পণ্য ভাঙচুর করা হয়েছে।
আমির হামজার বিরুদ্ধে সমাবেশ চলার সময় তার গাড়ি সমাবেশস্থলের সামনে দিয়ে যাওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন তৌকির আহমেদ। তিনি অভিযোগ করেন, অন্য পথ দিয়ে যাওয়ার সুযোগ থাকলেও আমির হামজা সমাবেশস্থলের সামনে দিয়ে গিয়ে গাড়ি থামিয়েছিলেন।
আমির হামজা ‘আমি নাকি ইট দিয়ে প্রথম আঘাত করেছি’ বলেছেন উল্লেখ করে তৌকির আহমেদ বলেন, এর পক্ষে কোনো ছবি বা ভিডিও দেখাতে পারলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। আর প্রমাণ দেখাতে না পারলে আমির হামজাকেই জবাব দিতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আহত কয়েকজন নেতা-কর্মী ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় একটি এজাহারও জমা দেওয়া হয়েছে।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ