নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬
রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামের এক নারী এ আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরিফ উদ্দিন।
মামলার আবেদনে সাবেক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, সাবেক উপদেষ্টা মাহফুজ আলমসহ আরও কয়েকজনের নাম রয়েছে।
এছাড়া এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সদস্যসচিব আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, ডা. তাসনিম জারাসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিদের প্রত্যক্ষ মদদ, উসকানি ও সার্বিক সহযোগিতায় কয়েক হাজার ব্যক্তি লাঠিসোঁটা, হাতুড়ি ও দাহ্য পদার্থসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে ধানমন্ডি ৩২ নম্বরে হামলা চালায়।
অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে হামলাকারীরা ভবনে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে ঐতিহাসিক নিদর্শন, মুক্তিযুদ্ধের দলিল, প্রামাণ্যচিত্র ও বইপত্রসহ বিভিন্ন মূল্যবান সম্পদ লুটপাট করা হয়।
অভিযোগে আরও বলা হয়, দুটি বুলডোজার, এক্সক্যাভেটর ও ভারী যন্ত্র ব্যবহার করে রাতভর ভবনটি ভাঙার কাজ চলে এবং পরদিন বিকেল পর্যন্ত ভবনটি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
এ ছাড়া কয়েকজন আসামি সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে ভাঙচুর ও অগ্নিসংযোগে উসকানি দিয়েছেন এবং কেউ কেউ অর্থসহায়তা করেছেন বলেও মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ