ব্রেকিং নিউজ
নুরুল হক

প্রয়োজনে ঐকমত্য হয়ে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬

প্রয়োজনে রাজনৈতিক ঐকমত্য তৈরি করে জামায়াত-শিবিরের মতো সংগঠনকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে কুষ্টিয়ায় জামায়াত-শিবিরের সঙ্গে সংঘর্ষে আহত ছাত্র অধিকার পরিষদের নেতা সোহানুর রহমানকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান নুরুল হক। পরে হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক বলেন, বিগত আওয়ামী লীগ সরকার জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করেছিল। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেয়। এখন বিষয়টি নিয়ে নির্বাচিত সরকারকে গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। প্রয়োজনে সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা প্রয়োজন।

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রসঙ্গ রয়েছে। একইভাবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় জামায়াতের বিরুদ্ধে ওঠা গণহত্যা, লুটপাট ও ধর্ষণের অভিযোগের ইতিহাস বিবেচনায় নিয়ে সংগঠনটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার।

নুরুল হক আরও বলেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা না হলে দেশে উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারে এবং আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি সংকটে পড়তে পারে।

এ সময় তিনি অভিযোগ করেন, সাম্প্রতিক সময়ে জামায়াত-শিবিরের বিরুদ্ধে রগকাটা, দখলদারত্ব ও তাণ্ডবের মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠছে। ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও ক্ষমতার ভাগ-বাঁটোয়ারা নিয়ে দলটি সরকারের ওপর চাপ সৃষ্টি করছে বলেও দাবি করেন তিনি।

মাওলানা আমির হামজার বিতর্কিত বক্তব্যের সমালোচনা করে নুরুল হক বলেন, এ ধরনের বক্তব্যের সমর্থনে জামায়াতের বিবৃতি দলটির নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তৈরি করেছে। রাজনৈতিক স্বার্থে ধর্মের ব্যবহার বন্ধ করার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *