ব্রেকিং নিউজ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণায় সহিংসতার শঙ্কা, সতর্ক পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা করছে পুলিশ। সম্ভাব্য সহিংসতা এড়াতে পুলিশের বিভিন্ন ইউনিটকে সতর্ক থাকার পাশাপাশি আগাম গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তি ও এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তর গত ১৮ আগস্ট দেশের সব ইউনিটকে এ বিষয়ে নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে। পরে ২২ আগস্ট ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার বিভিন্ন বিভাগেও একই ধরনের নির্দেশনা দেওয়া হয়।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সদর দপ্তরের চিঠিতে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আগামী এক থেকে দুই মাসের মধ্যে রাজনৈতিক সহিংসতার আশঙ্কার কথা উল্লেখ করা হয়েছে। নিষিদ্ধ রাজনৈতিক দলের সন্দেহভাজন নেতা-কর্মীদের ওপর নজরদারি, বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার এবং জামিনে থাকা ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে।

মাঠপর্যায়ে গোয়েন্দা নজরদারি বাড়িয়ে আগাম তথ্য সংগ্রহের মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) খোন্দকার রফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্কতামূলকভাবে আগাম তথ্য সংগ্রহ করছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারত থেকে দেওয়া এক অডিও সংবাদ সম্মেলনে আগামী ডিসেম্বরে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। তাঁর এই ঘোষণার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি ও সংঘাতের বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছে।

পুলিশের একটি সূত্রের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিভিন্ন জেলা ও মহানগরে গোপনে সংগঠিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে প্রকাশ্যে মিছিল ও বিভিন্ন কর্মসূচির প্রস্তুতির তথ্যও পেয়েছে গোয়েন্দারা।

পুলিশ আশঙ্কা করছে, এসব কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে। এতে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলাও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, এ সতর্কতা কোনো নির্দিষ্ট ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়। গোয়েন্দা তথ্য বিশ্লেষণের ভিত্তিতে আগাম নিরাপত্তাব্যবস্থা হিসেবে বিভিন্ন ইউনিটকে সতর্ক করা হয়েছে, যাতে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা, নাশকতা, ভাঙচুর বা জনদুর্ভোগ তৈরি না হয়।

এদিকে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে প্রায় ৪০০টি ছোট-বড় সংঘাতের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৭৭ জন নিহত হয়েছেন। নতুন করে রাজনৈতিক সহিংসতার আশঙ্কাকে গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *