নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে সরকার কোনো গড়িমসি করলে ১১ দলীয় ঐক্য ও জামায়াতে ইসলামী কোনো ধরনের ছাড় দেবে না বলে জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জাতীয় দৈনিকগুলোর সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
গোলাম পরওয়ার বলেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়ে যে রায় দিয়েছে, তা বাস্তবায়নের চেয়ে এই মুহূর্তে বড় কোনো ইস্যু নেই। জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়নে সরকার গড়িমসি করছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, আইনমন্ত্রী গণভোটের চারটি বিষয়ের মধ্যে সাড়ে তিনটিতে একমত হলেও বাকি অর্ধেক ইস্যুতে আপত্তি করায় সংকট তৈরি হয়েছে। জনগণের ঐতিহাসিক রায় বাস্তবায়নের ক্ষেত্রে ‘তিল পরিমাণ ছাড়’ দেওয়া হবে না।
সংসদে বিরোধীদলের ভূমিকা তুলে ধরে জামায়াতের এই নেতা বলেন, বিরোধীদল মানেই সরকারের সব কর্মকাণ্ডের বিরোধিতা করা নয়। জনকল্যাণমূলক কাজে সরকারকে সহযোগিতা এবং জনস্বার্থবিরোধী কাজে গঠনমূলক প্রতিবাদ করাই ১১ দলীয় ঐক্যের নীতি।
তিনি আরও বলেন, অতীতের সহিংস ও অস্থিতিশীল রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হয়ে শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক ধারায় রাজনীতি করতে চান তারা। তবে সংসদে বিরোধীদলের সদস্যদের সঙ্গে ‘বিমাতাসুলভ আচরণ’ করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
উন্নয়ন বরাদ্দ ও বণ্টন, সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ, আইন প্রণয়ন এবং জনগুরুত্বপূর্ণ নোটিশ গ্রহণের ক্ষেত্রে বিরোধীদলের অধিকার ক্ষুণ্ণ করা হচ্ছে বলেও দাবি করেন গোলাম পরওয়ার। একই সঙ্গে বিদ্যুৎ ও গ্যাস সংকট, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং প্রবাসীদের অধিকার রক্ষায় সরকারের ব্যর্থতার বিষয়ও সম্পাদকদের সামনে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।
গোলাম পরওয়ার বলেন, জনগণের দাবি আদায়ে রাজপথে কর্মসূচি প্রয়োজন হলেও তা যেন কোনোভাবেই অতীতের মতো অসহিষ্ণু, অস্থিতিশীল বা সহিংস পথে না যায়—সম্পাদকরা এমন পরামর্শ দিয়েছেন।
গণভোটের রায় বাস্তবায়ন ও জনগণের অধিকার আদায়ের দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় ঢাকার শাপলা চত্বর থেকে চট্টগ্রাম অভিমুখে লং মার্চ ও গাড়িবহর যাত্রার কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় ঐক্য। কর্মসূচির রুটে সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ