ব্রেকিং নিউজ

আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল: স্পিকার

নিজস্ব প্রতিবেদক, ভোলা
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তিনি অভিযোগ করেন, দলটি লুটপাট করে দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরিকল্পনা করেছিল এবং হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশ ছেড়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে ভোলার লালমোহন উপজেলা পরিষদে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার। আন্তর্জাতিক সংসদীয় ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনগুলোর পক্ষ থেকে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের আমলে হত্যাকাণ্ডের ঘটনায় আওয়ামী লীগের অনেক নেতার শাস্তি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের কথাও বলেন স্পিকার।

বাক্‌স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে প্রত্যেক মানুষের কথা বলার স্বাধীনতা রয়েছে। মানুষ সরকার ও সরকারপ্রধানের সমালোচনা করতে পারবেন।

স্পিকার আরও বলেন, এক নারী সংসদ সদস্যের বিরুদ্ধে হাসপাতাল দখলের অভিযোগ পাওয়ার পর প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, পুলিশের ওপর গুলিবর্ষণকারী মাদক ব্যবসায়ীদের দমনে ইশরাক কাজ করলেও তাঁর হাতে অস্ত্র নেওয়া ঠিক হয়নি। এ কারণে প্রধানমন্ত্রী তাঁকে পদত্যাগের নির্দেশ দেন বলে উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মজুমদার এবং উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *