ব্রেকিং নিউজ

আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার

নিজস্ব প্রতিবেদক, ভোলা
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬

আগামী ১০ বছরেও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। নিজের রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে তিনি এ মন্তব্য করেন।

বুধবার (২১ অক্টোবর) সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন স্পিকার।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় এমন পরিবেশ তৈরি করেছিল, যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না। এ কারণে নির্বাচনি ব্যবস্থার আমূল সংস্কার প্রয়োজন বলে মনে করেন তিনি।

স্পিকার বলেন, কেউ অর্থশালী বা বিত্তবান না হলেও তাঁর জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা থাকলে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ থাকা উচিত। সাধারণ মানুষের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে কার্যকর পদ্ধতি নির্ধারণ করতে হবে।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, গত ১৭ বছরে নির্বাচন সুষ্ঠু হয়নি। আগামী স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ভোলার গ্যাস প্রসঙ্গে স্পিকার বলেন, জেলায় পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাস রয়েছে এবং দেশের বর্তমান গ্যাসের মজুতের সঙ্গে ভোলার মজুতের পরিমাণ তুলনীয়। সেখানে আরও গ্যাসের মজুত থাকার সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, ভোলার সাধারণ মানুষেরও গ্যাস প্রয়োজন। দীর্ঘদিন ধরে ভোলাবাসী এ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন উল্লেখ করে তিনি গ্যাসকে তাঁদের ন্যায্য অধিকার ও দীর্ঘদিনের দাবি হিসেবে তুলে ধরেন। এ বিষয়ে জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি।

এ সময় ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর এবং সদস্য সচিব রাইসুল আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *