ব্রেকিং নিউজ

যে পাপ করেছি, তার মাসুল এখন দিতে হচ্ছে: রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৬

ভাষাসৈনিক অলি আহাদের মতো সত্যবাদী মানুষ রাজনীতিতে খুব বেশি আসেন না বলে মন্তব্য করেছেন তাঁর মেয়ে ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। এমন একজন মানুষকে যথাযথ মূল্যায়ন না করার জন্য আক্ষেপ প্রকাশ করে তিনি বলেন, “এমন একজন মানুষকে মূল্যায়ন না করে আমরা যে পাপ করেছি, তার মাসুল এখন দিতে হচ্ছে।”

বুধবার (২১ অক্টোবর) বাদ আসর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর দ্বিতীয় গেট এলাকায় নিজ বাসভবনের সামনে ভাষাসৈনিক অলি আহাদের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন রুমিন ফারহানা।

তিনি বলেন, বাংলাদেশের রাজনীতি আজ যে অবস্থানে পৌঁছেছে, তার পেছনে সবাই দায়ী। এ সময় বাবার রুহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চান তিনি।

অনুষ্ঠানে বক্তারা ভাষাসৈনিক অলি আহাদকে ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান ও বড় মাপের নেতা হিসেবে উল্লেখ করেন। ১৯৫২ সালের ভাষা আন্দোলনে তাঁর অবদানের কথা স্মরণ করে বক্তারা বলেন, জাতি তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, অরুয়াইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম ও অ্যাডভোকেট ফরহাদসহ স্থানীয় ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *