ব্রেকিং নিউজ
ফরিদপুরে জমিতে ক্রিকেট খেলা নিয়ে বিরোধ: অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের দুজনকে কুপিয়ে-পিটিয়ে জখম

ফরিদপুরে জমি নিয়ে বিরোধে অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের দুজনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬

ফরিদপুরে জমিতে ক্রিকেট খেলা নিয়ে বিরোধের জেরে অন্তঃসত্ত্বা নারীসহ একই পরিবারের দুজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গত ১৯ অক্টোবর সকাল ১১টার দিকে ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের আকইন গ্রামে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, গ্রামের একটি জমিতে ক্রিকেট খেলার সময় বল পেঁয়াজের জমিতে পড়াকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে মহব্বত মণ্ডল (৩০) ও তাঁর চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী সাথী বেগম (২৫)-এর ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে। এতে তাঁরা দুজনই আহত হন।

আহত মহব্বত মণ্ডলকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁর জরুরি অস্ত্রোপচার করা হয় এবং তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তাঁর স্ত্রী সাথী বেগমও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় মহব্বতের বাবা মো. সিদ্দিক মণ্ডল (৬৫) ফরিদপুর কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ফরহাদ শিকদার (৫৫), তাঁর ছেলে রাকিব (২০), জনি শিকদার (২২), শাকিল (২০), রনি শিকদার (২৫) ও মোহাম্মদ শিকদার (৫৫)-সহ আরও ৫ থেকে ৬ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, হামলার সময় সাথী বেগমের সঙ্গে অসদাচরণ করা হয় এবং তাঁর স্বর্ণের চেইন, যার মূল্য আনুমানিক ১ লাখ ১০ হাজার টাকা, নিয়ে যাওয়া হয়। এ ছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে মারধর, গুরুতর জখম, হত্যাচেষ্টা, চুরি ও হুমকিসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছে।

অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগে উল্লিখিত বিষয়গুলো তদন্তসাপেক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *