ব্রেকিং নিউজ

শিশুকে যৌন নিপীড়নের কথা স্বীকার করতেই মাদ্রাসা শিক্ষককে সপাটে চড় বাবার!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে এক মাদ্রাসাশিক্ষককে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় লোকজন। শিশুটিকে অশালীনভাবে স্পর্শ করার কথা স্বীকার করার সময় অভিযুক্ত শিক্ষককে চড় মারেন শিশুটির বাবা। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে টঙ্গীর আউচপাড়া এলাকার করিউল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মুসলেউদ্দিন ওই মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

শিশুটির পরিবারের অভিযোগ, তিন দিন আগে মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এরপর থেকে শিশুটি মাদ্রাসায় যেতে চাইছিল না। পরিবারের সদস্যরা এর কারণ জানতে চাইলে প্রথমে সে কিছু জানায়নি। অভিযোগ রয়েছে, ঘটনাটি কাউকে জানালে তাকে মারধর করা হবে বলে হুমকি দেওয়া হয়েছিল।

পরে মা-বাবার জিজ্ঞাসাবাদে শিশুটি তার সঙ্গে ঘটে যাওয়া ঘটনার কথা জানায়। এরপর বুধবার দুপুরে শিশুটির বাবা মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত শিক্ষককে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। এ সময় অভিযুক্ত শিক্ষক শিশুটিকে অশালীনভাবে স্পর্শ করার কথা স্বীকার করেন বলে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়। পরে শিশুটির বাবা তাঁকে চড় মারেন এবং স্থানীয় লোকজনও মারধর করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে জনতার হাত থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন বলেন, ঘটনাটি তাঁরা শুনেছেন। অভিযুক্তকে আটক করা হয়েছে এবং মামলা নেওয়াসহ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *