আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬
ভারতের মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে ফেলার পর লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে এক বন্ধুকে হত্যার অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। নিহত ব্যক্তির নাম দেবেশ ওরফে বান্টি দীক্ষিত (৩৬)। এ ঘটনায় অভিযুক্ত পবন পরাশর (২২) পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, জিম থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন বান্টি। এ সময় গাড়ি নিয়ে তাঁর পিছু নেন পবন। পরে সিডকোর এন-৭ এলাকার মঙ্গেশ গ্যাস এজেন্সির কাছে দ্রুতগতির গাড়ি দিয়ে বান্টির মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেন তিনি। ধাক্কায় মোটরসাইকেলটি প্রায় ১৫০ ফুট দূরে ছিটকে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ধাক্কা দেওয়ার পর কিছুটা এগিয়ে গিয়ে গাড়ি ঘুরিয়ে আবার ঘটনাস্থলে ফিরে আসেন অভিযুক্ত। এরপর গাড়ি থেকে নেমে সড়কে পড়ে থাকা বান্টির মাথায় লাঠি ও লোহার রড দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর অভিযুক্ত নিজেই গাড়ি চালিয়ে সিডকো থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার তদন্ত শুরু করে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পবন ও বান্টি দুজনই বিভিন্ন বারে বাউন্সার হিসেবে কাজ করতেন। একসময় তাঁদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব থাকলেও পরে সম্পর্কের অবনতি ঘটে। বন্ধুত্ব ভেঙে যাওয়াকে কেন্দ্র করে ক্ষোভ থেকেই হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে দাবি করেছেন অভিযুক্ত।
তবে বন্ধুত্বের অবনতিই হত্যাকাণ্ডের একমাত্র কারণ কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার পেছনে অন্য কোনো বিরোধ বা উদ্দেশ্য ছিল কি না, তদন্তের মাধ্যমে তা জানার চেষ্টা চলছে।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ