ব্রেকিং নিউজ
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল

হাসিনার বক্তব্যকে আমরা সমর্থন করি না: ভারত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০১:৩৪ পিএম

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যকে ভারত সরকার সমর্থন করে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার সঙ্গে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা ছিল না বলেও দাবি করেছে নয়াদিল্লি।

শুক্রবার (৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। তিনি জানান, শেখ হাসিনার ওই সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠান এবং এতে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা বা অবদান ছিল না।

রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি আবারও স্পষ্ট করে দেওয়া দরকার—ওই সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বা অন্য কেউ যে বক্তব্য দিয়েছেন, তার কোনো অংশকেই ভারত সরকার সমর্থন করে না। বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারকে নিয়ে করা কোনো মন্তব্যের সঙ্গেও ভারতের সমর্থন নেই বলে জানান তিনি।

গত ৫ আগস্ট শেখ হাসিনা ওই সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। এর আগে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তার এমন রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয়ে আপত্তি জানানো হয়েছিল। বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক অঙ্গনেও আলোচনা তৈরি হয়।

এদিকে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ও একই দিনে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। তার বক্তব্যের বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে জয়সওয়াল বলেন, বাংলাদেশ ভারতের নিকটতম প্রতিবেশী এবং দেশটির পরিস্থিতির ওপর নয়াদিল্লি গভীর নজর রাখে।

বিশেষ করে ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হয় বলে জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি আরও বলেন, প্রয়োজন অনুযায়ী এ ক্ষেত্রে যেসব পদক্ষেপ নেওয়া দরকার, ভারত সেগুলো নিয়ে থাকে।

শেখ হাসিনার ভারতে অবস্থান এবং সেখান থেকে তার রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয়টি সাম্প্রতিক সময়ে বাংলাদেশ-ভারত সম্পর্কের আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নতুন করে ভারতের এই অবস্থান ঘোষণার ফলে বিষয়টি নিয়ে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোচনা আরও বাড়তে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *