ব্রেকিং নিউজ
সরকারি দলের চিফ হুইপ নূরুল ইসলাম। ফাইল ছবি

দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে এমপি পদ থাকবে না: চিফ হুইপ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৫:০০ পিএম

আসন্ন ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বিএনপির ভাইস চেয়ারম্যান নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে সংশ্লিষ্ট সংসদ সদস্যের এমপি পদ থাকবে না।

মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক শুরু হয়। বৈঠক শেষে চিফ হুইপ রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণের বিভিন্ন বিষয় সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

নূরুল ইসলাম মনি জানান, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা ও স্পিকারের উপস্থিতিতে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গণমাধ্যমের উপস্থিতিতে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করা হবে এবং ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত সরাসরি সম্প্রচারের সুযোগ থাকবে।

তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হবে। জাতীয় সংসদ ভবনেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে এবং সংসদ সদস্যরা তাদের জাতীয় আসন নম্বর অনুযায়ী ভোট দেবেন।

চিফ হুইপ আরও বলেন, ফলাফল প্রকাশের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। দলের সিদ্ধান্তের বাইরে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না। কেউ দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দিলে তার সংসদ সদস্য পদ থাকবে না।

এদিকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির পক্ষ থেকে কে প্রার্থী হচ্ছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নূরুল ইসলাম মনি।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময় আগামী ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট।

আগামী ২০ আগস্ট জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ওই দিন দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট নেওয়া হবে।

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে নির্বাচন কমিশন ও জাতীয় সংসদের সংশ্লিষ্টদের মধ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে। দলীয় সিদ্ধান্ত এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদের বিধান মেনেই সংসদ সদস্যদের ভোট দেওয়ার বিষয়টি নিশ্চিত করার কথা জানিয়েছেন চিফ হুইপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *