নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১২:৩৫ পিএম
নোয়াখালী সদর উপজেলায় জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগের চার নেতা-কর্মীকে ফুলের মালা দিয়ে বরণ করতে গিয়ে আরও চার কর্মী আটক হয়েছেন। রোববার (৯ আগস্ট) বিকেলে নোয়াখালী জেলা কারাগারের ফটক থেকে তাদের আটক করে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার পশ্চিম এওজবালিয়া গ্রামের ছেরাজল হক চৌধুরী (৬৩), মেহেদী হাসান হৃদয় (২০), মো. ফারুক হোসেন (১৮) ও মো. নাজিম (১৮)। পুলিশ জানিয়েছে, তারা আওয়ামী লীগ এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে এক ব্যাগ ফুলের মালা জব্দ করা হয়েছে।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ইত্তেফাক জানায়, গত ৫ জুন জুমার নামাজের পর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধের হাট বাজারে ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রায় তিন হাজার নেতা-কর্মী অংশ নেন বলে স্থানীয় সূত্রের দাবি। ওই কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে কয়েকটি স্থানে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনাও ঘটে।
এসব ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। রোববার তাদের মধ্যে চারজন জামিনে মুক্তি পান। তাদের বরণ করতে কয়েকজন কর্মী ফুলের মালা নিয়ে জেলা কারাগারের ফটকে অবস্থান নেন। পরে পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
ওসি মো. নজরুল ইসলাম বলেন, স্বজনেরা ফুলের মালা নিয়ে আসতে পারেন। তবে আটক ব্যক্তিরা এক ব্যাগ ফুলের মালা নিয়ে এসেছিলেন এবং তারা জামিনে মুক্তি পাওয়া ব্যক্তিদের আত্মীয় নন। বিভিন্ন এলাকা থেকে এসে ছবি তুলে শোডাউন করতে চেয়েছিলেন বলে পুলিশ জানতে পেরেছে।
পুলিশ জানায়, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।
ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালী সদর এলাকায় রাজনৈতিক উত্তেজনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ