নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬
পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান ভবিষ্যতে আবার ভারতের অংশ হবে বলে মন্তব্য করেছেন ভারতের যোগগুরু বাবা রামদেব। এ জন্য ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন তিনি।
সোমবার (১৭ আগস্ট) রায়পুরের স্বামী বিবেকানন্দ বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রামদেব এসব কথা বলেন।
রামদেব বলেন, পাকিস্তান ও বাংলাদেশে হিন্দুরা দীর্ঘদিন ধরে নির্যাতন ও অবিচারের শিকার হয়ে আসছেন। তিনি এসব ঘটনার সমালোচনা করে বলেন, এ ধরনের কর্মকাণ্ডের জন্য যারা দায়ী, তাদের এমন মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত।
ভারতের ভবিষ্যৎ নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরে রামদেব বলেন, ‘সেই দিনও আসবে, যখন পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান আবার ভারতের সঙ্গে একীভূত হবে। শুধু একটু ধৈর্য ধরুন।’
ধর্মান্তর প্রসঙ্গে তিনি বলেন, দেশে যে ধর্মীয় পরিবর্তনই ঘটুক না কেন, ভবিষ্যতে যেন কেউ নির্যাতনের শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। হিন্দুধর্ম, ইসলাম বা খ্রিস্টধর্ম কোনোটি হুমকির মুখে নেই বলেও মন্তব্য করেন তিনি।
রামদেব আরও বলেন, ভারতের সম্মান ও মর্যাদা রক্ষা করাই এখন মূল বিষয়। তিনি ভারতকে বিশ্বের সেরা গণতন্ত্র এবং ভারতীয়দের বিশ্বের সেরা নাগরিক হিসেবে দেখতে চান।
ভারতের অর্থনীতি বিশ্বের সেরা হওয়া, রুপির মূল্য ডলার ও পাউন্ডের সমপর্যায়ে পৌঁছানো এবং ভারতীয় পাসপোর্টকে আরও শক্তিশালী করার আকাঙ্ক্ষার কথাও জানান তিনি।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ