ব্রেকিং নিউজ
আসিফের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড ও বক্তব্যের কঠোর প্রতিবাদ জানিয়েছেন রাশেদ খাঁন

মাথার অসুস্থতা নিয়ে কেউ এভাবে জনসম্মুখে বক্তব্য দেয়: আসিফের উদ্দেশে রাশেদ খাঁন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে নিয়ে গায়ক আসিফ আকবরের দেওয়া মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বুধবার (২৬ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি আসিফ আকবরের সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড ও বক্তব্য নিয়ে প্রশ্ন তোলেন।

রাশেদ খাঁন বলেন, আদালতে আসিফ আকবর মাথার সমস্যার কারণে মদ পান করতে হয় বলে জানিয়েছিলেন। একই সঙ্গে ২০২৬ সালের ২৪ মার্চ সাকিব আল হাসানের জন্মদিনের অনুষ্ঠানে লন্ডনে উপস্থিত হওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এ নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন গায়ক। তার ভাষ্য, পরে নিজের ভুল বুঝতে পেরেছেন হয়তো।

আসিফ আকবর অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হয়েছিলেন উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, পরবর্তীতে ওই পদে থাকতে না পারায় তিনি ক্ষুব্ধ হয়ে থাকতে পারেন।

সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে নিয়ে আসিফ আকবরের মন্তব্যের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন বলেন, বক্তব্য দেওয়ার সময় তার ‘মাথা ঠিক ছিল কি না’, সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। তবে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে এমন ভাষায় মন্তব্য করার সমালোচনা করেন।

গুমের প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন বলেন, আসিফ আকবর যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর গুম নিয়ে কটাক্ষ করেছেন, অতীতে শেখ হাসিনার বক্তব্যেও গুম নিয়ে একই ধরনের হাসিঠাট্টা দেখা গেছে বলে তিনি মনে করেন। রাজনৈতিক সমালোচনা নিয়ে আপত্তি না থাকলেও গুমের মতো স্পর্শকাতর বিষয় নিয়ে কটাক্ষ করায় তিনি আসিফ আকবরের বক্তব্যের জবাব দিয়েছেন বলে জানান।

রাশেদ খাঁন আরও বলেন, ছোটবেলা থেকেই আসিফ আকবরের গান তার ভালো লাগত এবং পছন্দের শিল্পীদের তালিকায় তিনি ছিলেন। বিএনপির অনেক মানুষও তাকে গায়ক হিসেবে পছন্দ করেন বলে মন্তব্য করেন তিনি।

শিল্পী ও তারকাদের রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকাই শ্রেয় মন্তব্য করে রাশেদ খাঁন বলেন, রাজনৈতিক পরিচয়ে জড়িয়ে পড়লে তাদের জনপ্রিয়তা ক্ষতিগ্রস্ত হতে পারে। এ প্রসঙ্গে ক্রিকেটার সাকিব আল হাসানের উদাহরণ টেনে তিনি প্রশ্ন করেন, আসিফ আকবর কেন সাকিবের মতো রাজনৈতিক অবস্থানে যেতে চাইছেন।

স্ট্যাটাসের শেষাংশে রাশেদ খাঁন আসিফ আকবরকে উদ্দেশ করে বলেন, মানুষ তাকে ভালোবাসে এবং সেই ভালোবাসার প্রতিদান এভাবে দেওয়া উচিত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *