নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬
বিএনপির সাবেক নেত্রী ও স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ব্যঙ্গাত্মক মন্তব্যের প্রসঙ্গ তুলে ধরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। এসব মন্তব্যকে তিনি ‘দুষ্ট লোকের কথা’ বলে উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব কথা বলেন। তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, পোস্টে উল্লেখ করা মন্তব্যগুলো তার নিজের বক্তব্য নয়।
রাশেদ খাঁন তার পোস্টে দাবি করেন, ১৯ জুলাই গণঅভ্যুত্থানের সময় আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর ‘দুষ্ট সমন্বয়করা’ হাসনাত আবদুল্লাহকে ‘হাসিনার আবদুল্লাহ’ নামে ডাকতে শুরু করেন।
ডিবি হেফাজতে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের ওপর নির্যাতনের অভিযোগের প্রসঙ্গও তুলে ধরেন তিনি। একই সময়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে নিয়ে বিভিন্ন মন্তব্য ছড়িয়ে পড়েছিল বলে উল্লেখ করেন রাশেদ খাঁন।
তার ভাষ্য, ডিবি হেফাজতে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ নির্যাতনের শিকার হওয়ার সময় হাসনাত ও সারজিসকে পুকুরপাড়ে জুস খেতে দেখার ঘটনা নিয়েও দুষ্ট পুলিশ সদস্যদের মধ্যে নানা মন্তব্য ছড়িয়েছিল।
পোস্টে রাশেদ খাঁন আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী বিষয়ক সম্পাদক’ বলার পর থেকে ‘দুষ্ট লোকেরা’ এখন রুমিন ফারহানার মধ্যেও শেখ হাসিনার ছায়া দেখতে শুরু করেছেন।
তার দাবি, চায়ের দোকানে কেউ কেউ এমন কথাও বলছেন যে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা শেখ হাসিনা ও আওয়ামী লীগের বক্তব্যের সুরে কথা বলছেন এবং সংসদে আওয়ামী লীগের ‘যোগ্য প্রতিনিধি’ হয়ে উঠেছেন।
তবে এসব মন্তব্য থেকে নিজেকে দূরে রেখে রাশেদ খাঁন বলেন, ‘এগুলো সব দুষ্ট লোকের কথা। কোনোটাই আমার কথা নয়।’
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ