নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তার নামে ইন্টারপোলে রেড নোটিশ জারির জন্যও আবেদন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে জামালপুর-৫ আসনের সংসদ সদস্য শাহ মো. ওয়ারেছ আলী মামুনের এক প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ অন্যান্য পলাতক আসামির বিরুদ্ধেও একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশে পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনতে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে কার্যক্রম আরও জোরদার করেছে।
এর অংশ হিসেবে গত ৬ মে হত্যা মামলার আসামি ও ইন্টারপোলের রেড নোটিশভুক্ত মো. আরিফ সরকারকে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরিয়ে আনা হয়। পরে ২৭ মে আরেক হত্যা মামলার আসামি মোবারক মণ্ডলকে কাতার থেকে দেশে ফেরানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গত ১২ জুন সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার করা হয় বলে আবুধাবির ইন্টারপোল এনসিবি থেকে তথ্য পাওয়া গেছে। তাকে দেশে ফিরিয়ে আনতে ১৬ জুন কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হয়েছে।
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে প্রত্যর্পণ চুক্তি না থাকায় পারস্পরিকতার নীতির আওতায় আমিরাত সরকারের সহযোগিতা চাওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় নথিপত্র পাঠানোসহ আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে ৪ আগস্ট।
এদিকে মানব পাচার মামলায় ইন্টারপোলের রেড নোটিশভুক্ত পলাতক মোল্লা নজরুল ইসলামকে সম্প্রতি লিবিয়ায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনতে গত ১৬ মার্চ প্রত্যর্পণ প্রস্তাব পাঠানো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি আরও জানান, ইন্টারপোল, বিদেশি আইন প্রয়োগকারী সংস্থা, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোর সঙ্গে সমন্বয় করে অন্যান্য পলাতক আসামি ও অপরাধীদের শনাক্ত, গ্রেপ্তার এবং দেশে ফিরিয়ে আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ