নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬
আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনতে দেশের রাজনীতি ঘোলাটে করার চেষ্টা হচ্ছে কি না, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর কামরাঙ্গীরচর লোহার ব্রিজ সংস্কারের পর তা চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
আবদুস সালাম বলেন, বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে মাত্র ছয় মাস হয়েছে। রাতারাতি বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমাধান করা সম্ভব নয়। এসব সমস্যা সমাধানে সরকারের কিছুটা সময় প্রয়োজন।
তিনি বলেন, অথচ ছয় মাস না যেতেই বিরোধী দল সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এর ফলে সরকার যাতে দেশের জন্য কাজ করতে না পারে, এমন পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।
ডিএসসিসি প্রশাসক বলেন, আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে জামায়াত দেশের রাজনীতি ঘোলাটে করার চেষ্টা করছে কি না, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। বিএনপি আগামী পাঁচ বছরে দেশে সুশাসন, গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে দেবে বলেও মন্তব্য করেন তিনি।
গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান আবদুস সালাম।
এদিকে দীর্ঘদিন সংস্কারের অভাবে কামরাঙ্গীরচর লোহার ব্রিজটি জরাজীর্ণ হয়ে পড়েছিল। বিভিন্ন স্থানে মরিচা ধরে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় দক্ষিণ সিটি করপোরেশনের উদ্যোগে অগ্রাধিকার ভিত্তিতে ব্রিজটি সংস্কার করা হয়।
সংস্কারের পর ব্রিজটি চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। যানবাহন চলাচল না করলেও স্থানীয়রা এখন নিরাপদে পায়ে হেঁটে ব্রিজটি পার হতে পারবেন। ডিএসসিসির তথ্য অনুযায়ী, ব্রিজটি সংস্কারের ফলে এলাকার প্রায় ৫০ লাখ মানুষ উপকৃত হবেন।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ