নিজস্ব প্রতিবেদক, তেহরান
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬
ইরানের অর্থনৈতিক ও জীবনযাত্রাসংক্রান্ত সংকট মোকাবিলায় দেশের অভ্যন্তরীণ উৎপাদন বাড়ানোর পাশাপাশি অর্থনৈতিক লেনদেনে মার্কিন ডলারের ব্যবহার ধীরে ধীরে কমিয়ে আনার আহ্বান জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি।
শুক্রবার (২৮ আগস্ট) সরকার সপ্তাহ উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এ আহ্বান জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন, নিষেধাজ্ঞা ও অবরোধের মধ্যেও জনগণের প্রয়োজনীয় পণ্য ও সেবা নিশ্চিত করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন তিনি।
অর্থনৈতিক সংকট মোকাবিলায় করণীয় তুলে ধরে মোজতবা খামেনি মূল্যস্ফীতিসহ জীবনযাত্রার বিভিন্ন সমস্যা সমাধানে উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তার মতে, অর্থনীতিতে ডলারের গুরুত্বপূর্ণ ভূমিকা ধীরে ধীরে কমিয়ে প্রতিরোধী অর্থনীতির নীতিকে দেশের অর্থনৈতিক ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসতে হবে।
তিনি বলেন, এসব সমস্যা সমাধানের মূল চাবিকাঠি হলো যতটা সম্ভব দেশের অভ্যন্তরীণ উৎপাদনের ওপর নির্ভর করা। যেখানে পর্যাপ্ত দেশীয় উৎপাদন নেই, সেখানে প্রয়োজন অনুযায়ী বিচক্ষণতার সঙ্গে আমদানি করতে হবে।
গত ছয় মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের সময় ইরানের জনগণ নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে উল্লেখ করে খামেনি বলেন, জনগণের প্রয়োজনীয় পণ্য ও সেবা নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ এলাকা মেরামত এবং জ্বালানি ব্যবস্থাপনায় সরকারের নেওয়া পদক্ষেপ প্রশংসনীয়।
তিনি আরও বলেন, যুদ্ধের সময় ও পরবর্তী সময়ে শত্রুপক্ষের কর্মকাণ্ড দেশের ওপর প্রভাব ফেললেও অর্থনীতির বিভিন্ন উপাদান আরও দক্ষতার সঙ্গে পরিচালনা, জনগণ ও বিশেষজ্ঞদের সহযোগিতা নেওয়া এবং নতুন সক্ষমতাগুলো কাজে লাগানোর মাধ্যমে দেশের উন্নয়ন ও অগ্রগতির পথ তৈরি করা সম্ভব।
তরুণ মেধাবীদের উদ্ভাবন ও প্রযুক্তি ব্যবহারের ওপরও গুরুত্ব দেন ইরানের সর্বোচ্চ নেতা। সময়মতো নতুন প্রযুক্তি ও উদ্ভাবন কাজে লাগানো এবং প্রয়োজন অনুযায়ী প্রচলিত পদ্ধতি থেকে বেরিয়ে আসা দেশের অগ্রগতিতে কার্যকর পরিবর্তন আনতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এ ছাড়া জাতীয় ঐক্য ও সামাজিক সংহতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে খামেনি হতাশা সৃষ্টি করে এমন বক্তব্য ও বিভাজনমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। সরকারি প্রতিষ্ঠানের শিক্ষক, বিশ্ববিদ্যালয় ও ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, নার্স ও চিকিৎসকদের প্রতিও বিশেষ মনোযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ