নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬
বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যা কিংবা রাজনৈতিক নিপীড়নের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত প্রদর্শনী ও প্যানেল আলোচনায় তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গুমের শিকার প্রত্যেক ভুক্তভোগী যেন সরাসরি বিচার পান, সে লক্ষ্যেই ‘গুম প্রতিকার আইন, ২০২৬’ সংসদে উত্থাপন করা হয়েছে। প্রস্তাবিত আইনে গুমের অপরাধের ধরন অনুযায়ী শাস্তির বিধান রাখা হয়েছে। পাশাপাশি তদন্তপ্রক্রিয়া এবং তদন্তকারী সংস্থা বা ব্যক্তিদের দায়িত্বও নির্ধারণ করা হয়েছে।
তিনি বলেন, গুমের শিকার কোনো ব্যক্তির সন্ধান পাওয়া না গেলে তার ওয়ারিশরা যাতে সম্পত্তির উত্তরাধিকার লাভ করতে পারেন, প্রস্তাবিত আইনে সেই ব্যবস্থাও রাখা হয়েছে। বিচার শেষে অপরাধীরা ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হলে রাষ্ট্র সেই দায়ভার নেবে বলেও জানান তিনি।
নিজের গুম হওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, তিনি নিজেও গুমের শিকার হয়েছিলেন। গুম থেকে ফিরে আসা ব্যক্তিদের বেঁচে থাকা নিয়ে অপসংস্কৃতি চর্চা ও হাস্যরস করা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ড ভবিষ্যতের গণতান্ত্রিক আন্দোলনকে হতাশ করতে পারে বলে তিনি মনে করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আধুনিক করার উদ্যোগের কথাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, উত্তরাধিকার সূত্রে সরকার একটি অগোছালো বাহিনী পেয়েছে। ক্রমবর্ধমান সাইবার অপরাধ মোকাবিলায় একটি এলিট ফোর্স গঠনের পরিকল্পনা রয়েছে।
মোংলায় নিখোঁজ মিরাজ শেখের প্রসঙ্গেও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নিরপেক্ষ তদন্তে মিরাজ শেখের নিখোঁজ হওয়ার ঘটনায় কোস্ট গার্ডের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, জলদস্যুদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে তিনি নিখোঁজ হয়েছেন।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ