ব্রেকিং নিউজ

শিবির-ছাত্রদলের সংঘর্ষের মধ্যেই ইবিতে ছাত্রলীগের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের মধ্যেই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগ তিন মাসের জন্য ২৮ সদস্যের এ আহ্বায়ক কমিটি ঘোষণা করে।

নতুন কমিটিতে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সাবেক শিক্ষার্থী মেহেদী হাসান হাফিজকে আহ্বায়ক করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের সই করা বিজ্ঞপ্তিতে কমিটি ঘোষণার বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিন মাসের মেয়াদ শেষে সাংগঠনিক কার্যক্রম ও রাজনৈতিক সক্রিয়তা বিবেচনা করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. মামুন-অর-রশিদ, আলী শ্রাবণ, তরিকুল ইসলাম তরুণ, রতন কুমার রায়, সামিউল ইসলাম, শাহিন আলম, মামুন রানা, সাব্বির আহমেদ আকিফ, রাব্বি হোসেন, নাছিম হাসান নাঈম, রাসেল আলী, রাকিবুল ইসলাম, সোহানুর রহমান, মেসবাহুল ইসলাম, নাবিল আহমেদ ইমন, মো. সাদিদ খান সাদি, হুসাইন তুষার, অনিক কুমার, সোহাগ শেখ, তানভীর হাসান, রাব্বি হাসান, আকিব মাসুদ, পিয়াস মুস্তাকিম, সাগর আহম্মেদ, মো. রাকিব হোসেন, শাহরিয়ার হিমেল ও পাভেল মোল্লা।

এর আগে শনিবার দুপুরে শহীদ জিয়াউর রহমান হলের একটি ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ রয়েছে, পরীক্ষা শেষে হলে খাবার খেতে যাওয়ার সময় শাখা শিবিরের এক নেতাকে ছাত্রদল কর্মী চড় মারেন ও গালিগালাজ করেন। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে।

পরে শিবিরের নেতাকর্মীরা অভিযুক্তের কক্ষের দিকে গেলে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে কক্ষের জানালার কাচ ভাঙচুরের ঘটনাও ঘটে। পরে প্রক্টরিয়াল বডি ও পুলিশের সহায়তায় অভিযুক্তকে হল থেকে বের করে প্রক্টর অফিসে নেওয়া হয়।

বিকেলে ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে লাঠিসোটা নিয়ে বিক্ষোভ করেন। একই সময়ে শিবিরের নেতাকর্মীরাও জিয়া মোড়ে অবস্থান নেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কে অবস্থান নেন ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা।

এ সময় কয়েকজনের হাতে রামদা, ছুরি ও হাতুড়ির মতো দেশীয় অস্ত্র দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। পরে স্থানীয় জামায়াত নেতাকর্মীদের সঙ্গে বিএনপি-ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ বলেন, একটি ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। পুলিশ দুই পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তী সময়ে যেন আর কোনো উত্তেজনা না ছড়ায়, সে জন্য পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপাচার্য। পাশাপাশি বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ ঠেকাতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *