নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাজা বাড়ানোর জন্য রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি আট মাসের বেশি সময়েও শুরু হয়নি।
২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ডের পাশাপাশি একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেন। পরে ওই আমৃত্যু কারাদণ্ডের সাজা মৃত্যুদণ্ডে উন্নীত করার আবেদন জানিয়ে ১৫ ডিসেম্বর আপিল করে রাষ্ট্রপক্ষ।
আইন অনুযায়ী, আপিল দায়েরের পর ৬০ দিনের মধ্যে তা নিষ্পত্তির বিধান রয়েছে। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো আপিলের শুনানি হয়নি।
রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানিয়েছেন, দ্রুত শুনানি নিশ্চিত করতে আবারও আপিল বিভাগে আর্লি হিয়ারিংয়ের আবেদন করার কথা রয়েছে। এর আগে দুই দফা চেম্বার আদালতে শুনানি হলেও মামলাটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চের কার্যতালিকায় নিচের দিকে থাকায় শুনানি শুরু হয়নি।
সর্বশেষ ২৪ ফেব্রুয়ারি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের কার্যতালিকায় মামলাটি ২৬০ নম্বরে ছিল। ফলে সেদিনও শুনানি হয়নি।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ