ব্রেকিং নিউজ

বাঁধনের ওপর হামলাকারীদের ‘নরপশু’ আখ্যা সারজিস আলমের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হামলাকারীদের ‘নরপশু’ আখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। একই সঙ্গে বাঁধনের পাশে থাকার বার্তাও দিয়েছেন তিনি।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে সারজিস আলম এসব কথা বলেন।

জানা গেছে, ইতালির মেস্ত্রে শহরের একটি পার্কে পরিবারের সঙ্গে ঘুরতে গিয়ে হামলার শিকার হন বাঁধন। এ সময় তার শরীরে কোক ও ডিম ছোড়া এবং তাকে শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে কয়েকজনকে বাঁধনের দিকে চড়াও হতে দেখা যায়। তারা তাকে ‘জুলাই জঙ্গি’ ও দেশদ্রোহী বলেও আখ্যা দেয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার প্রতিক্রিয়ায় সারজিস আলম বলেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার আন্দোলনে বাঁধন লড়াই করেছেন। এ কারণে তাকে নিয়ে গর্বিত হওয়ার কথা জানান তিনি।

বাঁধন হামলাকারীদের ‘বাঙালি ভাই’ বলে সম্বোধন করলেও সারজিস তাদের তীব্র সমালোচনা করেন। তিনি দাবি করেন, হামলাকারীরা ‘বাঙালি ভাইয়ের’ চেয়ে বেশি ‘খুনিদের দালাল’ এবং বিবেকবোধ বিক্রি করে দেওয়া মানুষ।

শেখ হাসিনার আমলে প্রায় দেড় হাজার মানুষ নিহত হওয়ার পরও এসব ব্যক্তি তার পক্ষে সাফাই গাইতেন বলেও দাবি করেন সারজিস। তার ভাষ্য, হামলাকারীদের মনুষ্যত্ব বিলুপ্ত হয়ে গেছে।

বাঁধনের উদ্দেশে সারজিস আলম বলেন, এ ঘটনায় তার কষ্ট পাওয়ার কিছু নেই। কারণ এ ধরনের মানুষের কাছ থেকে ভালো আচরণ আশা করা যায় না। একই সঙ্গে তিনি বলেন, ‘আমরা সবাই আপনার সঙ্গে আছি। পুরো বাংলাদেশ আপনার সঙ্গে। আমরা আপনাকে নিয়ে গর্বিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *