ব্রেকিং নিউজ

‘তারা আমাকে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলতে জোর করে’: বাঁধন

নিজস্ব প্রতিবেদক, ইতালি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায় বাঁধন নিজেই এ অভিযোগ করেন।

বাঁধন জানান, ভাইয়ের সঙ্গে একটি পার্কে ঘুরতে গেলে একদল বাঙালি তাকে ঘিরে ধরে শারীরিকভাবে হেনস্তা করে। তার শরীরে পানি ও কোক ছুড়ে মারা হয়। এ সময় তার সঙ্গে থাকা ভাইয়ের ছোট শিশুটিও সেখানে ছিল বলে জানান তিনি।

অভিনেত্রীর অভিযোগ, হামলাকারীরা তার গায়ে হাত তোলার পাশাপাশি তার ফোন ফেলে দেয় এবং কানের কাছে আঘাত করে। পরে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও তাকে হেনস্তার দৃশ্য দেখা যায়।

বাঁধন বলেন, হামলাকারীরা তাকে ‘জুলাই যোদ্ধা’ বলে অভিহিত করে। তিনি নিজেও জুলাইয়ের আন্দোলনে অংশ নিয়েছেন বলে জানান। তার অভিযোগ, হামলাকারীরা নিজেদের বঙ্গবন্ধুর সৈনিক পরিচয় দিয়ে তাকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে। এসব ঘটনা তারা ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার ও আপলোড করছিল বলেও জানান তিনি।

ছড়িয়ে পড়া ভিডিওতে হামলাকারীদের একজন বাঁধনকে ‘জুলাই জঙ্গি’ ও ‘দেশদ্রোহী’ বলে আখ্যা দিতে শোনা যায়। ভিডিওতে ওই ব্যক্তি নিজেকে ভেনিস ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ঘটনার পর বাঁধনের চোখেমুখে আতঙ্ক ও আঘাতের চিহ্ন দেখা যায়। তিনি বলেন, এ ধরনের আচরণ থেকে সংশ্লিষ্টদের বের হয়ে আসা উচিত ছিল। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে কোনো রাজনৈতিক সংগঠন নিজেদের অবস্থান পুনর্গঠন করতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

বাঁধন আরও জানান, তিনি ভেনিস চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের একটি সিনেমা নিয়ে ইতালিতে গেছেন। সিনেমাটির পরিচালক রুবাইয়াত হোসেনের সঙ্গে তিনি জুলাইয়ের পরও কাজ করেছেন বলে উল্লেখ করেন।

ঘটনার পর ভেনিসের একটি থানায় বাঁধন অভিযোগ করেছেন বলে জানা গেছে।

২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমে তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেছিলেন বাঁধন। সেই রাজনৈতিক অবস্থানের কারণেই তাকে হামলার শিকার হতে হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *