নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর
প্রকাশ : ৮ সেপ্টেম্বর ২০২৬
ভারত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে ফেরত দিলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে মাদারীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা ইতোমধ্যে সাজাপ্রাপ্ত ও দণ্ডপ্রাপ্ত আসামি। তার দলের আরও অনেক নেতাকর্মী ভারতে অবস্থান করছেন। তাদের ফেরত আনার বিষয়েও ভারত সরকারের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় বিষয়টি নিয়ে বাংলাদেশ যোগাযোগ করছে। ভারত সরকার বিষয়টিকে আইনগত বিষয় হিসেবে উল্লেখ করেছে এবং দেশটির বিচার বিভাগ বিষয়টি দেখছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘যখনই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে, তখনই দেশের আইন অনুযায়ী তাকে গ্রেফতার করা হবে এবং কারাগারে যেতে হবে।’
সভায় মাদারীপুরের বিভিন্ন সংসদীয় আসনের এমপি, সংরক্ষিত আসনের এমপি, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ