নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ৯ সেপ্টেম্বর ২০২৬
বিদেশে পালিয়ে থাকা সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ সব আসামিকে দেশে ফিরিয়ে আইনের আওতায় আনতে সরকার কোনো ধরনের গাফিলতি করবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ১৪৭ বিধির আওতায় ঢাকা-১৪ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেমের উত্থাপিত সাবেক আইজিপি বেনজীর আহমেদকে প্রত্যর্পণের প্রস্তাবের ওপর আলোচনার জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতীতের ফ্যাসিবাদী সরকারের পতনের পর দেশ থেকে পালিয়ে যাওয়া সব আসামিকে দেশে ফিরিয়ে আনতে সরকার সংশ্লিষ্ট বিদেশি সংস্থাগুলোর সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে।
পলাতক আসামিদের শনাক্ত, গ্রেপ্তার ও দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোল, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিদেশে বাংলাদেশের মিশনগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলেও জানান তিনি।
বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তার বর্তমান অবস্থান শনাক্ত করা, প্রত্যর্পণ প্রক্রিয়া এগিয়ে নেওয়া, একাধিক পাসপোর্ট রাখার অভিযোগ যাচাই এবং দেশে-বিদেশে থাকা তার অবৈধ সম্পদ শনাক্ত ও জব্দের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলো সমন্বিতভাবে কাজ করছে।
তিনি বলেন, সরকার আইনের শাসন, যথাযথ বিচারিক প্রক্রিয়া এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সাবেক আইজিপিকে দেশে ফিরিয়ে আনতে সম্ভাব্য সব আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, বাংলাদেশ সরকারের পক্ষে বেনজীর আহমেদকে প্রত্যর্পণের বিষয়টি পরিচালনার জন্য গত ৩০ জুলাই সংযুক্ত আরব আমিরাতভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘হামদান আল কাবি অ্যাডভোকেটস অ্যান্ড লিগ্যাল কনসালটেন্সি’কে নিয়োগ দেওয়া হয়েছে।
সংসদে আলোচনা শেষে প্রস্তাবটি গ্রহণ করা হয়। পরে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিয়ে তা অবিলম্বে সংসদকে অবহিত করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ