নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, তার দল জাতীয় পার্টির মতো ‘পোষা বিরোধী দল’ হবে না। বিএনপি যেন এমন প্রত্যাশা না করে। এনসিপি নিজেদের রাজনৈতিক কর্মসূচি নিজেরাই ঠিক করবে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুরে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির উদ্দেশে সারজিস আলম বলেন, মার্চ টু ডেমোক্রেসির সময় একটি বালুর ট্রাক দিয়ে বিএনপির লংমার্চ আটকে দেওয়া হয়েছিল। সে সময় দলটি বালুর ট্রাকও সরাতে পারেনি বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, ওই ব্যর্থ বিরোধী দলের পরামর্শ নিয়ে এনসিপিকে বিরোধী দলের কার্যক্রম ঠিক করতে হবে না।
সারজিস বলেন, ‘আমরা জাতীয় পার্টির মতো পোষা বিরোধী দল হবো না, বিএনপি যেন সেই স্বপ্ন না দেখে। আমরা আমাদের কর্মসূচি নিজেরাই ঠিক করব।’
তিনি আরও বলেন, বিএনপি যদি এনসিপির কর্মসূচি প্রতিহত করার চেষ্টা করে, তাহলে এর ফলাফল ভালো হবে না।
এনসিপির এই নেতা বলেন, দলটি নিজেদের রাজনৈতিক অবস্থান ও কর্মসূচি নিজেরাই নির্ধারণ করবে এবং কোনো দলের ইচ্ছা অনুযায়ী তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হবে না।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ