নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, বিএনপি ক্ষমতায় আসার পর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না—এমনটা হতে পারে না। একই সঙ্গে তিনি বিএনপি সরকারের আমলে সারসংকট, দুর্নীতি ও ঋণখেলাপির মতো সমস্যা তৈরি হওয়ার আশঙ্কার কথা তুলে ধরেছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে ব্যাংক রেজল্যুশন বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। তার বক্তব্যকে কেন্দ্র করে সংসদে তীব্র হট্টগোলের সৃষ্টি হয়।
রুমিন ফারহানা বলেন, প্রত্যেক সরকারেরই একটি নির্দিষ্ট চরিত্র থাকে। বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না—এটা হতে পারে না। একইভাবে বিএনপি ক্ষমতায় এসে সারের সংকট হবে না এবং দরিদ্র কৃষকেরা সার কারখানা থেকে সার লুট করবেন না—এমনটিও হওয়ার নয় বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না—এটিও সম্ভব নয়। পাশাপাশি বিএনপি ক্ষমতায় এসে বাংলাদেশ ঋণখেলাপিতে সর্বোচ্চ অবস্থানে যাবে না, সেটিও হতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
রুমিন ফারহানা দাবি করেন, বিএনপি ক্ষমতায় আসা মানেই ঋণখেলাপির পরিমাণ বেড়ে যাওয়া। তার বক্তব্য অনুযায়ী, দেশে ঋণখেলাপির পরিমাণ ছয় লাখ কোটি টাকার বেশি হয়েছে।
তার বক্তব্যের সময় সংসদে সরকারি দলের সদস্যদের মধ্যে হট্টগোল শুরু হলে রুমিন ফারহানা বলেন, সংসদে এত অসহিষ্ণু পরিবেশ দেখে মনে হচ্ছে আওয়ামী লীগের আমলে ফিরে গেছেন তারা। তার দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ও তিনি বক্তব্য দিলে হট্টগোল করা হতো এবং এখন বিএনপিও একই ধরনের আচরণ করছে।
এরপর ব্যাংক রেজল্যুশন বিলের একটি ধারা নিয়েও কথা বলেন রুমিন ফারহানা। তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে ঋণখেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আদালতে যাওয়ার প্রবণতা পুরোনো রাজনৈতিক সংস্কৃতির অংশ।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ