ব্রেকিং নিউজ

বিরোধীদলকে সঙ্গে নিয়ে জ্বালানি সংকট মোকাবিলা করা হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস ও বিদ্যুতের সংকট মোকাবিলায় বিরোধী দলকে সঙ্গে নিয়ে কাজ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের ভোগান্তি কমাতে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং সময়ের সঙ্গে এ সংকটের সমাধান সম্ভব হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, গ্যাস ও বিদ্যুতের সংকটের কারণে জনগণের যে ভোগান্তি হচ্ছে, সে বিষয়ে সরকার সচেতন। তবে এ সংকট বর্তমান সরকারের তৈরি নয়; উত্তরাধিকার সূত্রে সরকার এই সংকট পেয়েছে।

তিনি বলেন, দায়িত্ব নেওয়ার পর সরকার বসে নেই। সংকট মোকাবিলায় ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশের দুটি এলএনজি টার্মিনালের (এফএসআরইউ) একটিতে দুর্ঘটনার কারণে সেটি পুরোপুরি বিকল হয়ে যাওয়ায় পরিস্থিতি আরও কঠিন হয়েছে বলেও জানান তিনি।

বিরোধী দলের সাম্প্রতিক লংমার্চের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, গাড়ির লংমার্চ করে যদি গ্যাস-বিদ্যুতের সমস্যার সমাধান করা যেত, তাহলে সরকারই সবার আগে লংমার্চের আয়োজন করত। জনগণকে অযথা উত্তেজিত না করে জাতীয় সংকট মোকাবিলায় দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, বিরোধী দলের সহকর্মীদের সঙ্গে নিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে চায় সরকার। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সংসদকে আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।

ভবিষ্যৎ জ্বালানি নিরাপত্তার প্রসঙ্গে তারেক রহমান বলেন, বাংলাদেশ শুধু বিদ্যুতের গ্রাহক নয়, ভবিষ্যতে সৌরবিদ্যুতের উৎপাদক দেশেও পরিণত হতে পারে। সময়ের সঙ্গে গ্যাস ও বিদ্যুতের সমস্যা সমাধানে সরকার সক্ষম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *