নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬
ভারতের নয়াদিল্লিতে আওয়ামী লীগ সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দলটির কেন্দ্রীয় কমিটির নেতাদের বৈঠক বাতিল করা হয়েছে। শুক্রবার বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়। তবে কী কারণে বৈঠকটি বাতিল হয়েছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
আওয়ামী লীগের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, বৈঠকে ভারতে অবস্থানরত দলটির কেন্দ্রীয় কমিটির নেতাদের অংশ নেওয়ার কথা ছিল। কেন্দ্রীয় কমিটির নেতাদের বাইরে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকেও বৈঠকে উপস্থিত থাকতে বলা হয়েছিল।
জানা গেছে, নয়াদিল্লিতে শেখ হাসিনা যে বাসভবনে অবস্থান করছেন, সেখানেই বৈঠকটি আয়োজনের জন্য স্থান নির্ধারণ করা হয়েছিল।
২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সামরিক হেলিকপ্টারে করে ভারতে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি নয়াদিল্লিতে অবস্থান করছেন।
বৈঠকে আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। একই সঙ্গে শেখ হাসিনার আগে ঘোষিত ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনাও বৈঠকে আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছিল।
তবে বৈঠক বাতিলের কারণ নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা থাকলেও এ বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ