ব্রেকিং নিউজ
গোলাম পরওয়ার

জনগণের হক মেরে বিরোধী দলকে উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ০৯:৪৩ এএম

জনগণের প্রাপ্য অধিকার হরণ করে বিরোধী দলকে উন্নয়ন বরাদ্দ থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি দাবি করেন, সরকার জামায়াতকে ভোট দেওয়া মানুষদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। পরে সৈয়দপুর শহরের আল ফারুক একাডেমিতে রংপুর বিভাগের আঞ্চলিক কর্মপরিষদ সদস্যদের দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন তিনি।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, বিএনপির সংসদ সদস্যদের এলাকায় একের পর এক উন্নয়ন প্রকল্প অনুমোদন ও বাস্তবায়ন করা হলেও জামায়াতসহ ১১ দলের সংসদ সদস্যদের এলাকায় বৈষম্য করা হচ্ছে। তাদের প্রাপ্য সাধারণ বরাদ্দও কমিয়ে দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। একই সঙ্গে বিশেষ বরাদ্দের নামে অর্থ অপচয় ও অনিয়মের অভিযোগও তোলেন জামায়াতের এই নেতা।

তিনি আরও বলেন, সরকারের দৃষ্টিতে জামায়াতকে ভোট দেওয়া মানুষ যেন দেশের নাগরিক নন। শুধু বিএনপির ভোটাররাই সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার অধিকারী—এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তার মতে, উন্নয়ন বরাদ্দ রাজনৈতিক বিবেচনায় নয়, জনগণের প্রয়োজন ও ন্যায্যতার ভিত্তিতে দেওয়া উচিত।

বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ তোলেন গোলাম পরওয়ার। তিনি বলেন, বিভিন্ন অনিয়মতান্ত্রিক কর্মকাণ্ডকে কেন্দ্র করে দলটির মধ্যে অভ্যন্তরীণ বিরোধ তৈরি হয়েছে। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় এর বহিঃপ্রকাশ ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।

রাষ্ট্রপতি নির্বাচন প্রসঙ্গে গোলাম পরওয়ার বলেন, সংসদ সদস্যদের স্বাধীনভাবে ও গোপনে ভোট দেওয়ার সুযোগ থাকলে ১১ দল মনোনীত প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচিত হতে পারেন। এ জন্য সংবিধানের সংশ্লিষ্ট বিধান পরিবর্তনের প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *