নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৪ আগস্ট ২০২৬, ১২:০৯ পিএম
শেখ হাসিনার প্রত্যর্পণ এবং ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন রূপরেখা নির্ধারণ না হওয়া পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভারতে যেতে পারবেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) ঢাকার শাহবাগে নিহত শরীফ ওসমান হাদীর সংগঠন ইনকিলাব মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, “শেখ হাসিনার প্রত্যর্পণ কীভাবে হবে, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কীভাবে নতুন করে নিরূপণ হবে, এই প্রশ্নের সমাধান না হওয়া পর্যন্ত তারেক রহমান ভারতে যেতে পারবেন না।”
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট দিল্লি থেকে ভার্চুয়ালি একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ওই সংবাদ সম্মেলনের পেছনে ভারত সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ সমর্থন ছিল বলে দাবি করেন নাহিদ ইসলাম।
তিনি বলেন, দিল্লি থেকে শেখ হাসিনা যা কিছু বলছেন, সেগুলোকে শুধু শেখ হাসিনার বক্তব্য হিসেবে না দেখে দিল্লির বক্তব্য হিসেবেও বিবেচনা করতে হবে।
নাহিদ ইসলামের দাবি, ওই সংবাদ সম্মেলনের বিষয়ে ভারতীয় হাইকমিশনের অবস্থান স্পষ্ট নয়। এ ঘটনায় ভারতীয় হাইকমিশনের দুঃখ প্রকাশ ও ক্ষমা চাওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের শুধু প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ না করে ভারতীয় প্রতিনিধিদের ডেকে এ বিষয়ে জবাবদিহি চাওয়া উচিত।
ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা ও নিহত শরীফ ওসমান হাদীকে ফেরত পাঠানো, অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং সীমান্ত হত্যাকাণ্ডের মীমাংসার মতো বিষয়গুলোর সমাধানের পরই বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলা উচিত।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ