নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬
মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ভারত সরকার হয়তো রাজনৈতিকভাবে দায়ভার নিতে চাচ্ছে না, তাই বিষয়টি দেশটির বিচার বিভাগের ওপর দিয়ে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আন্দালিব রহমান পার্থ বলেন, ভারতের সরকার শেখ হাসিনার বিষয়ে সরাসরি রাজনৈতিক দায়ভার নিতে না চেয়ে বিষয়টি জুডিশিয়ারির ওপর দিয়ে দিচ্ছে বলে মনে হচ্ছে। এটি শেখ হাসিনার জন্য খুব একটা সুখকর নয় বলেও মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ শেখ হাসিনাসহ যাদের বিরুদ্ধে মামলা রয়েছে, তাদের প্রত্যেককে ফেরত চায়। সংশ্লিষ্ট ব্যক্তিদের দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার বিষয়ে বাংলাদেশের অবস্থান স্পষ্ট বলেও জানান তিনি।
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে আন্দালিব রহমান বলেন, গণতন্ত্রে বিশ্বাস করা শুধু রাজনৈতিক বক্তব্যের বিষয় নয়, এটি মানসিকতারও ব্যাপার। গত ১৭ বছর সমালোচনা শোনার মানসিকতা ছিল না। বর্তমান সরকারের গত ছয় মাসেও তেমন কোনো মানসিকতা প্রকাশ পায়নি বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, কাউকে বন্ধ করা বা থামিয়ে রাখার মানসিকতা সরকারের নেই। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে বর্তমান সরকার দায়িত্ব পালন করছে। গত ১৭ বছরে পুরো ব্যবস্থায় দুর্নীতি ঢুকে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, এই পরিস্থিতি থেকে দেশকে বের করে আনতে সবার সহযোগিতা প্রয়োজন।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ