ব্রেকিং নিউজ
ছবি: সংগৃহীত

‘মিডিয়া চাইলে বাপকেও কিনতে পারে’- বাবার অভিযোগের পর তাশরীফের স্ট্যাটাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬

ইসলামী ধর্মীয় বক্তা হাফেজ ক্বারী জুবায়ের আহমাদ তাশরীফের বিরুদ্ধে অসুস্থ বাবার ভরণপোষণ না দেওয়া ও খোঁজখবর না রাখার অভিযোগ উঠেছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার মধ্যে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘মিডিয়া চাইলে বাপকেও কিনতে পারে।’

মঙ্গলবার (২৭ অক্টোবর) তাঁর এই স্ট্যাটাসকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়।

এর আগে সোমবার রাতে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত ভিডিও সাক্ষাৎকারে তাশরীফের বাবা মাওলানা মো. হেদায়েতুল্লাহ ছেলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, অসুস্থ অবস্থায় ছেলের কাছে আর্থিক সহায়তা চেয়েও পাননি। এমনকি ছেলে তাঁর খোঁজখবরও রাখেন না।

মাওলানা হেদায়েতুল্লাহর অভিযোগ, ছেলের পরামর্শে তিনি মসজিদের ইমামতির চাকরি ছেড়ে দিয়েছিলেন। এর বিনিময়ে প্রতি মাসে ১০ হাজার টাকা দেওয়ার কথা থাকলেও পরে তিনি কোনো টাকা পাননি বলে দাবি করেন।

সাক্ষাৎকারে তিনি আরও বলেন, ছেলেকে লেখাপড়া শেখানো, হাফেজ ও মাওলানা হিসেবে গড়ে তোলা এবং শৈশবে অসুস্থতার সময় চিকিৎসা করাতে তাঁকে অনেক কষ্ট করতে হয়েছে। আর্থিক সংকটের মধ্যেও বিভিন্ন মানুষের কাছ থেকে সহায়তা নিয়ে ছেলের চিকিৎসা করিয়েছিলেন বলে জানান তিনি।

নিজের অসুস্থতার সময় ছেলের কাছে আর্থিক সহায়তা চেয়েও না পাওয়ার অভিযোগ করে হেদায়েতুল্লাহ বলেন, ছেলে তাঁকে টাকা না দিয়ে জমি কেনার কথা জানিয়েছিলেন।

এদিকে, সম্প্রতি গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের ঘটনায় ওই শিক্ষকের পক্ষে বক্তব্য দিয়ে সমালোচনার মুখে পড়েন জুবায়ের আহমাদ তাশরীফ।

বাবার অভিযোগ এবং তাশরীফের ফেসবুক স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। তবে বাবা-ছেলের বক্তব্যের বিষয়ে স্বাধীনভাবে সব তথ্য যাচাই করা সম্ভব হয়নি।

সূত্র: দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *