নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগকে প্রতিরোধ করতে ব্যর্থ হওয়ার পর বিএনপি নিজেই নতুন স্বৈরাচার হয়ে উঠছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর দাবি, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হোক, বিএনপি তা চায় না।
সোমবার (২৬ অক্টোবর) মুন্সীগঞ্জে এনসিপির সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে পরিকল্পনা প্রণয়ের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, কোনো রাজনৈতিক শক্তি স্বৈরাচারী হয়ে ওঠার প্রাথমিক লক্ষণ দেখা দিলে শুরুতেই তা প্রতিরোধ করা জরুরি। তা না হলে ভবিষ্যতে এর জন্য বড় মূল্য দিতে হতে পারে। তাঁর ভাষ্য, ২০০৮ সালের পর আওয়ামী লীগকে শুরুতেই প্রতিরোধ করা সম্ভব হয়নি বলেই দলটি দীর্ঘ ১৬ বছর দেশে কর্তৃত্ববাদী শাসন চালিয়ে যেতে পেরেছিল।
বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে এনসিপির আহ্বায়ক অভিযোগ করেন, দলটি এখন আওয়ামী লীগের অনুসরণ করা একই পথে এগোচ্ছে। তিনি দাবি করেন, দেশে দমন-পীড়ন বেড়েছে এবং মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারছে না। সাংবাদিকেরাও নির্যাতন ও নিপীড়নের শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন তিনি।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া প্রয়োজন। কিন্তু বিএনপির বর্তমান অবস্থান দেখে তাঁর মনে হচ্ছে, দলটি অবাধ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে আগ্রহী নয়।
আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক তৎপরতা প্রসঙ্গেও কথা বলেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। দেশের রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়নের ক্ষেত্রে কোন শক্তি বাংলাদেশের পক্ষে এবং কোন শক্তি বিপক্ষে অবস্থান করছে, সেটি দেখা প্রয়োজন।
মতবিনিময় সভায় এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। সভায় মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও ঢাকা দক্ষিণ জেলা এনসিপির নেতাকর্মীরা অংশ নেন। এতে দলের সাংগঠনিক কার্যক্রম ও স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়।
Somoyer Prohor সময়ের প্রহর | বাংলাদেশের সর্বশেষ খবর | ব্রেকিং নিউজ | বাংলা নিউজ