ব্রেকিং নিউজ
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান

বিদ্যুৎ-গ্যাসের সংকট ১৮ বছরের ফ্যাসিবাদ তৈরি করেছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬

দেশে বর্তমানে বিদ্যুৎ ও গ্যাসসহ যে সংকট চলছে, তা বর্তমান সরকারের তৈরি নয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। তিনি বলেন, ১৮ বছরের ফ্যাসিবাদী শাসন এই সংকট তৈরি করে গেছে। বর্তমান সরকার দ্রুত সংকট উত্তরণে কাজ করছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে টাঙ্গাইলের বাসাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, গত ১৮ বছরে দেশের শিক্ষার মান ধ্বংস হয়ে গেছে। একটি জাতিকে ধ্বংস করতে হলে সবার আগে তার শিক্ষাব্যবস্থা ধ্বংস করতে হয়। হাসিনার শাসনামলে সেই কাজ করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি বলেন, মেধার ভিত্তিতে দেশ পরিচালিত হলে মানুষ গণতন্ত্র, অর্থনীতি ও দেশের সমৃদ্ধি নিয়ে কথা বলবে। কিন্তু শিক্ষার মান কমে গেলে, মাদক ও দুর্নীতি বাড়লে দেশকে শোষণ ও লুটপাট করা সহজ হয়। তার দাবি, গত ১৮ বছর ধরে এভাবেই দেশ পরিচালিত হয়েছে।

দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে আহমেদ আযম খান বলেন, অর্থনীতি এখন তলানিতে। একসময় বাংলাদেশ গ্যাসের ওপর ভাসত এবং বিদ্যুৎ সংকট হওয়ার কথা ছিল না। কিন্তু বর্তমানে গ্যাস ও বিদ্যুতের সংকট দেখা দিয়েছে।

তিনি অভিযোগ করেন, আগের শাসনামলে বিদ্যুৎ খাতে লুটপাট হয়েছে এবং গ্যাস উত্তোলনের পরিবর্তে শুধু আমদানিনির্ভরতার দিকে জোর দেওয়া হয়েছে। একইভাবে বেপজার মতো প্রতিষ্ঠানও ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নির্বাচিত গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসে গ্যাস উত্তোলনের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি দ্রুত বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থাও করা হচ্ছে। এসব উদ্যোগের মাধ্যমে দ্রুত বিদ্যুৎ-গ্যাস সংকট কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মতবিনিময় সভায় উপজেলা প্রশাসন, পুলিশ, বিএনপি ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *