ব্রেকিং নিউজ
সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন

‘বঙ্গবন্ধুর দ্বিতীয় মৃ/ত্যু ঘটে শেখ হাসিনার আমলে, অনেকটা তারই হাতে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬

সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হতো না।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর বহু কারণ রয়েছে। ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে তার অবদান অনস্বীকার্য ও অতুলনীয়। তিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি।

তিনি আরও বলেন, দীর্ঘ সময়ে গণতন্ত্র, মানুষের অর্থনৈতিক মুক্তি এবং রাজনৈতিক ভিন্নমতের প্রতি বঙ্গবন্ধুর সুস্পষ্ট কমিটমেন্ট ছিল। এর প্রতিফলন ১৯৭২ সালের ৪ নভেম্বর পর্যন্ত গণপরিষদের বিতর্কের দলিলেও পাওয়া যায়।

তবে বঙ্গবন্ধুর দেশ পরিচালনার দক্ষতার সমালোচনা করে আসিফ নজরুল বলেন, ১৯৭২ সাল থেকে তার ক্রমে আরও অত্যাচারী ও স্বৈরাচারী শাসকে পরিণত হওয়াকে কোনো কিছুই জাস্টিফাই করে না। তার শাসনামলের দুর্ভিক্ষ, নির্বিচার হত্যা এবং একদলীয় শাসন প্রতিষ্ঠার বাস্তবতাকেও কোনো কিছু দিয়ে আড়াল করা যায় না।

তিনি বলেন, এসব স্মৃতি মনে রেখেও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর জীবনব্যাপী অবদানের জন্য বহু মানুষ তাকে ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন। তিনি নিজেও তাদের একজন।

শেখ হাসিনার শাসনামলের সমালোচনা করে আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা নিজের নিষ্ঠুর ও নিকৃষ্ট শাসন চাপিয়ে দেওয়ার জন্য তার বাবাকে যথেচ্ছভাবে ব্যবহার করেছেন। তার মতে, এটাই বঙ্গবন্ধুকে জুলাই গণঅভ্যুত্থানের প্রতিপক্ষ করে তুলেছিল।

আসিফ নজরুল আরও বলেন, ‘বঙ্গবন্ধুর দ্বিতীয় মৃত্যু ঘটে শেখ হাসিনার আমলে, অনেকটা তারই হাতে।’

১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উল্লেখ করে তিনি তার প্রতি ভালোবাসা ও দোয়া জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *