ব্রেকিং নিউজ
তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। ফাইল ছবি

আ. লীগ ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রেখেছিলো : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৬

দীর্ঘ ১৭ বছর সংবাদমাধ্যমের হাত বেঁধে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ।

রোববার (২৩ আগস্ট) সকালে সচিবালয়ে নিজের প্রথম কর্মদিবসে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, সংবাদমাধ্যম গণতন্ত্রের অন্যতম প্রধান স্তম্ভ। সরকারের সব কর্মকাণ্ড জনগণের কাছে স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে পৌঁছে দিতে সংবাদমাধ্যমের স্বাধীনতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, বিগত ১৭ বছর সংবাদমাধ্যম নানা ধরনের নিয়ন্ত্রণের মধ্যে থেকেও জনগণের কথা বলার চেষ্টা করেছে। সরকারের ব্যর্থতা, অত্যাচার কিংবা গণতন্ত্রের মুখ বন্ধ করে দেওয়ার মতো বিষয়গুলোও সংবাদমাধ্যমের মাধ্যমেই মানুষ জানতে পেরেছে।

তথ্যমন্ত্রী আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সংবাদমাধ্যমের ভূমিকা কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই। দেশের পরিবর্তনের এই সময়ে গণমাধ্যমকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করার পরিবর্তে নিয়মকানুন ও দায়িত্ব যথাযথভাবে পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হবে। মুক্ত গণমাধ্যমের পাশাপাশি সাংবাদিকদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতা নিশ্চিত করতে হবে।

দেশের ইতিহাস, ঐতিহ্য ও মুক্তিযুদ্ধের চেতনাকে মাথায় রেখে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন আন্দালিব রহমান পার্থ। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারী এবং গণমাধ্যম সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার আশাবাদও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *