ব্রেকিং নিউজ
বক্তব্য দিচ্ছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ছবি: সংগৃহীত

স্কুলের কমিটিতে রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না: কায়সার কামাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬

শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরোপুরি রাজনৈতিক প্রভাবমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছেন ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। তিনি বলেছেন, স্কুলের ম্যানেজিং কমিটিতে কোনো রাজনৈতিক দলের নেতা থাকতে পারবেন না। বরং অবসরপ্রাপ্ত শিক্ষকদের এই কমিটিতে যুক্ত করে তাদের অভিজ্ঞতা কাজে লাগাতে হবে।

রোববার (২৪ আগস্ট) বিকেলে নেত্রকোনার দুর্গাপুরে জেলা পরিষদ মিলনায়তনে মাধ্যমিক পর্যায়ের অবসরপ্রাপ্ত শিক্ষকদের ‘বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কায়সার কামাল বলেন, স্কুলের পরিচালনা কমিটির হাতে কিছু ক্ষমতা থাকে, যা অনেক সময় রাজনৈতিকভাবে অপব্যবহার করা হয়। যারা রাজনীতি করবেন, তাদের জন্য ইউনিয়ন বা ওয়ার্ড কমিটি রয়েছে।

শিক্ষকতা পেশার মর্যাদা তুলে ধরে তিনি বলেন, একজন শিক্ষক আজীবনই শিক্ষক। মৃত্যুর আগের দিন পর্যন্ত তারা সমাজের কাছে ‘স্যার’ বা ‘ম্যাডাম’ হিসেবে শ্রদ্ধার পাত্র।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে অবসরপ্রাপ্ত শিক্ষকদের যুক্ত করা হলে তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগানো সম্ভব হবে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ আরও সুন্দর ও কার্যকর হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ শিক্ষক সমিতির দুর্গাপুর উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম ফজলুল হক সভাপতিত্ব করেন। এ সময় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *