ব্রেকিং নিউজ
মো. আল আমিন সৈকত : ছবি সংগৃহীত

ভৈরবে আ. লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬

কিশোরগঞ্জের ভৈরবে দুর্বৃত্তদের হামলায় পৌরসভার সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও পৌর যুবলীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক মো. আল আমিন সৈকত (৪০) নিহত হয়েছেন।

রোববার (২৩ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভৈরব শহরের টিনপট্টি এলাকায় গোপাল জিউর মন্দিরের সামনে তার ওপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।

পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় আল আমিন সৈকতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ও স্বজনদের বরাতে জানা গেছে, হামলাকারীরা অতর্কিতভাবে সৈকতের ওপর হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকায় নেওয়া হলেও শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাতে ভৈরব বাজারের টিনপট্টি এলাকায় দুর্বৃত্তদের হামলায় ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আল আমিন সৈকত গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *